গাজীপুরে জাল দলিল প্রস্তুতকারী একটি চক্রের সদস্যকে সেনাবাহিনী আটক করেছে। গাজীপুর সদর থানা পুলিশ অভিযোগ কেন্দ্রের সামনে সামাদ মার্কেট সংলগ্ন একটি পুকুরপাড়ে অবস্থিত জাল দলিল তৈরির কারখানায় বৃহস্পতিবার এক অভিযান চালানো হয়। সেনাবাহিনীর একটি বিশেষ দল গোপন সূত্রের ভিত্তিতে এই অভিযান চালিয়ে সোহেল রানাকে আটক করে। আটককৃত সোহেল রানা মূল অভিযুক্ত হাবিবুল্লাহর সহকারী হিসেবে কাজ করছিলেন বলে জানা গেছে। অভিযানের সময় কারখানা থেকে জাল দলিল, কম্পিউটার, স্ক্যানার ও দলিল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। মূল অভিযুক্ত হাবিবুল্লাহ এখনও পলাতক রয়েছেন। হাবিবুল্লাহ নিজেকে বিএসএস এবং এলএলবি পড়া শিক্ষার্থী বলে দাবি করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে জাল দলিল, সার্টিফিকেট ও বিভিন্ন নথি তৈরি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছিলেন বলে অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, এটি একটি সংঘবদ্ধ চক্র যারা সাধারণ মানুষকে প্রতারণা করে কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিচ্ছে। চক্রের মূল হোতাকে আটক করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ চলছে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই অভিযানের প্রশংসা করেছেন এবং দ্রুত সকল অপরাধীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।