নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় শ্রমিকদের হামলায় এসআই শাখাওয়াত ইমতিয়াজ নামে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
রোববার (১ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কোনাবাড়ী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত এসআই শাখাওয়াত ইমতিয়াজ বর্তমানে টাঙ্গাইলের মির্জাপুর থানায় কর্মরত রয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, গাজীপুর আদালতে একটি মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার পথে কোনাবাড়ী এলাকায় শ্রমিকদের অবরোধের মুখে পড়েন তিনি। এ সময় আন্দোলনকারী শ্রমিকদের একটি দল তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এসআই ইমতিয়াজের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।