গাজীপুর মহানগরীর নাওজোর-কড্ডা এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার মো. জোবায়ের হোসেন ইফতি।
সোমবার (২ নভেম্বর) নাওজোর-কড্ডা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকায় শ্রমিক অসন্তোষ ও উত্তেজনার একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে গাড়িটির বিভিন্ন অংশ পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক মো. জোবায়ের হোসেন ইফতিকে হেনস্তার শিকার হতে হয়। তবে কারা তাঁকে হেনস্তা করেছে এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষের সম্পৃক্ততায় এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হেনস্তার ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে।