• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের বাসে আগুন পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করার দাবি, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে চারজন গ্রেপ্তার জিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মো. আশিক সাঈদ দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ভাঙচুর-ছুটি ঘোষণা; সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, দুই আসামি গ্রেপ্তার উন্নয়নের ধারাবাহিকতায় বাড়িয়া ইউনিয়ন: আলোচনায় বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান খান হাবিব গাজীপুরে যাত্রীবাহী বাসে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ গাজীপুরে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা, স্বাভাবিক উৎপাদন শুরু বর্ণাঢ্য আয়োজনে জিএমপির বিদায়ী কমিশনার ইসরাইল হাওলাদারকে সংবর্ধনা

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করার দাবি, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট / ৬৭ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ডেস্ক রিপোর্ট :

পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। এ দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ড কার্যালয়ের সামনে সড়কে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ড কার্যালয়ে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের দ্বিতীয় সভা শুরু হয়। সভায় বোর্ডের সব সদস্য উপস্থিত রয়েছেন।

এদিকে সভা শুরুর আগে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট। এ দাবির পাশাপাশি মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন (বেসিক), ৫০ শতাংশ বাড়িভাড়া এবং ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণের প্রস্তাব দিয়েছে তারা।

পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের সমন্বয়ে গঠিত পাঁচটি জোটের পক্ষ থেকে মজুরি বোর্ডে এ-সংক্রান্ত স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়সহ মোট ১২টি মানদণ্ড বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সরকারি বেতন কাঠামো, এশীয় অঞ্চলের বিভিন্ন দেশের ন্যূনতম মজুরি এবং কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পর্যালোচনার প্রস্তাব দেওয়া হয়েছে।

শ্রমিক প্রতিনিধিরা জানান, দেশের প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতে কর্মরত প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবনমান ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত ও নিরপেক্ষ মজুরি কাঠামো নির্ধারণ করা প্রয়োজন।

তাদের প্রস্তাব অনুযায়ী, মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন নির্ধারণ করা হলে শ্রমিকদের ওভারটাইমের পারিশ্রমিক এবং চাকরি শেষে প্রাপ্য সার্ভিস বেনিফিটের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। মূল বেতনের অনুপাত কম থাকলে দীর্ঘদিন চাকরি করার পরও শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন বলে মনে করেন তারা।

এ ছাড়া খাদ্য ও পুষ্টিসামগ্রীর মূল্যবৃদ্ধি, বাজারদর এবং বার্ষিক মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার দাবি জানানো হয়েছে।

শ্রমিক প্রতিনিধিরা আরও জানান, ডাইং ও নিট খাতের শ্রমিকদের সুনির্দিষ্ট দাবিগুলো বিবেচনায় নিয়ে আজকের সভার পর আরও আটটি অতিরিক্ত প্রস্তাব যুক্ত করা হবে।

তাদের মতে, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা এবং আন্তর্জাতিক শ্রমবাজারের প্রতিযোগিতামূলক পরিস্থিতি বিবেচনায় রেখেই নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা জরুরি।

মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকদের এসব দাবি ও প্রস্তাব কতটা গুরুত্ব পায়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।


More News Of This Category
bdit.com.bd