রাব্বি হোসেন রবিন :
গাজীপুর মহানগরের বাসন থানার পশ্চিমপাড়া এলাকায় বাড়িভাড়া নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধর, হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত এবং নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. পিন্টু বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্রে মো. পিন্টু উল্লেখ করেন, তিনি বাসন থানার পশ্চিমপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। অভিযোগে রায়হান, তাঁর বড় ছেলে এবং আলিমুলসহ কয়েকজনকে বিবাদী করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাসের সুবাদে তিনি নিয়মিত বাড়িভাড়া পরিশোধ করে আসছিলেন। তবে চাকরি চলে যাওয়ায় একপর্যায়ে সময়মতো ভাড়া পরিশোধ করতে সমস্যায় পড়েন। এ নিয়ে বাড়িওয়ালার সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়।
অভিযোগে আরও বলা হয়, গত ২২ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে বাড়িভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বিবাদীরা কয়েকজনকে সঙ্গে নিয়ে তাঁকে ঘিরে ফেলেন। এ সময় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
মো. পিন্টুর অভিযোগ, মারধরের একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ ছাড়া তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে গুরুতর কাটা জখম করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ সময় তাঁর কাছে থাকা নগদ ৩ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন তিনি।
অভিযোগকারী জানান, ঘটনার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।