গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং অবৈধভাবে সিএনজি সিলিন্ডারে গ্যাস সরবরাহের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। অভিযানে প্রতিষ্ঠানগুলোকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে কোনাবাড়ী থানার আমবাগ ও রাজাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমান। জেলা এনএসআই, গাজীপুরের তথ্যের ভিত্তিতে যৌথভাবে অভিযানগুলো পরিচালিত হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন
অভিযান সূত্রে জানা যায়, কোনাবাড়ীর আমবাগ এলাকার ১০ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ায় বিল্লাল মাতব্বরের মসজিদসংলগ্ন জোস ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে বাদামের বার, তিলের নাড়ু ও চানাচুর উৎপাদনের অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে এসব পণ্য বাজারজাত করার অভিযোগও ওঠে। এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তি মুজিবুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকার এমএম গার্মেন্টস-সংলগ্ন রসরাজ সুইটস কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে রসগোল্লা, চমচম, রসমালাই ও দই উৎপাদন এবং পাইকারি বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়। এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অবৈধভাবে সিএনজি গ্যাস বিক্রি, জরিমানা ৩ লাখ ২০ হাজার টাকা
অন্যদিকে, কোনাবাড়ীর রাজাবাড়ি এলাকায় রুবেল ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনে অবৈধভাবে গাড়িতে করে সিএনজি সিলিন্ডারে গ্যাস ভরে বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১৩(গ) ধারায় ১ লাখ টাকা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ১ লাখ টাকা, বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১০(জে) ধারায় ১ লাখ টাকা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনটি প্রতিষ্ঠানে পৃথক অভিযানে মোট ৪ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে।
জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং অবৈধভাবে গ্যাস সরবরাহ ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।