গাজীপুরে চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে মহাসড়কে বিশৃঙ্খলা ও যান চলাচলে বিঘ্ন এড়াতে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২ নভেম্বর) গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস থেকে নাওজোর পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের উপস্থিতি দেখা যায়।
গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নেন। এ সময় তারা যানবাহন চলাচল স্বাভাবিক রাখা, যাত্রীদের দুর্ভোগ কমানো এবং সড়কে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর ছিলেন।
গাজীপুর মেট্রো বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ বলেন, “মহাসড়কে যানবাহন চলাচল সচল রাখতে, সড়কের যাত্রীদের দুর্ভোগ কমাতে ও বিশৃঙ্খলা ঠেকাতে মহানগরীর ভোগড়া বাইপাস থেকে নাওজোর পর্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।”
এদিকে গাজীপুরের শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির উপস্থিতিও বাড়ানো হয়েছে। আগের দিন পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনের পর সোমবার আরও পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে রোববার সকালে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও বিজিবির তৎপরতায় দুপুর আড়াইটার দিকে প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে শিল্পাঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে মহাসড়কের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বিভিন্ন পক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে।