আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) এই তথ্য জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন। প্রাথমিক পরিকল্পনায় ওই দিন প্রধানমন্ত্রীর বগুড়া সফরও থাকছিল, যেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেয়ার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন সামনে থাকায় সেই সফর আপাতত স্থগিত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে বিজয়ী হন। পাশাপাশি তিনি ঢাকা-১৭ আসন থেকেও জয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন। বাংলাদেশ নির্বাচন কমিশন ৯ এপ্রিল ওই আসনে উপনির্বাচন আয়োজন করেছে।উপনির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন দলের জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি জানান, “বগুড়া সদর আসনে উপনির্বাচন চলমান থাকায় এ সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ করলে নির্বাচনি বিধি ভঙ্গের প্রশ্ন উঠতে পারত। প্রধানমন্ত্রী নিয়মের মধ্যে থেকেই কাজ করছেন।” এর আগে, ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে এসে সাংবাদিকদের জানিয়েছেন, ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে প্রধানমন্ত্রী বগুড়ায় আসবেন।উল্লেখ্য, ৯ এপ্রিল বগুড়া-৬ আসনে অনুষ্ঠিত হতে যাওয়া উপনির্বাচনে মোট তিনজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী।








