প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আগামী ২০ এপ্রিল (সোমবার) বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর পৈতৃক ভিটায় পা রাখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে বগুড়া সার্কিট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
ডিপিএস রুমন বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর আগামী ২০ এপ্রিল প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় আসবেন তারেক রহমান।
তিনি আরও বলেন, বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ছাড়াও প্রধানমন্ত্রী তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলীর বাগবাড়ীতে যাবেন। এছাড়া, বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী ওই দিন জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন শেষে গাবতলী বাগবাড়ীতে জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড প্রদান ও খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে জিয়াবাড়িতে যাবেন। পরে বিকেলে বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সরকারি সফরসূচি থেকে জানা গেছে, (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় তেজগাঁও বিমানবন্দরে উপস্থিতি ও বগুড়া জেলা পুলিশ লাইনস্ হেলিপ্যাডের উদ্দেশ্যে যাত্রা, সকাল পৌনে ১০টায় বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন, বেলা ১১টায় বগুড়া সিটি করপোরেশনের ‘শুভ উদ্বোধন’, বেলা পৌনে ১২টায় শহীদ জিয়াউর রহমানের জন্মস্থান গাবতলী উপজেলার বাগবাড়ীস্থ শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানস্থলে উপস্থিতি ও ফ্যামিলি কার্ড বিতরণ, বাঘবাড়ী নশিপুরস্থ চৌকিরদহ খাল খনন কর্মসূচি উদ্বোধন, দুপুর ২টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়িতে উপস্থিতি। এরপর বিকেল ৩টায় বগুড়া সার্কিট হাউজে নামাজের বিরতি শেষে বিকেল ৪টায় পুলিশ লাইন্স হেলিপ্যাড থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরবেন ।
বিএনপির চেয়ারম্যানের আগমন ঘিরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে এখন সাজ সাজ রব। শুধু তা-ই নয়, তার এই আগমনকে ঘিরে উত্তরবঙ্গের এই জনপদে বইছে উৎসবের আমেজ।
বিশেষ করে জিয়া পরিবারের আদি নিবাস ‘জিয়া বাড়ি’ সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজে এখন ব্যস্ত সময় পার করছেন সরকারী কর্মকর্তারা। মূল ফটক থেকে শুরু করে পুরো আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। জিয়া বাড়ির এই কর্মযজ্ঞ দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন বাগবাড়ীতে।
বাড়ির কেয়ারটেকার আব্দুস সাত্তার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, বেগম জিয়া ও তারেক রহমানের অনেক স্মৃতি এই বাড়িতে মিশে আছে। তারেক রহমান এলে আমাকে দূর থেকে দেখেই চিনতে পারবেন। তার ফেরার পথ চেয়েই তো এতগুলো দিন কাটিয়ে দিলাম।
২০০৬ সালের পর দীর্ঘ সময় প্রবাসে কাটিয়ে দেশে ফেরার পর এটিই হবে তারেক রহমানের প্রথম উত্তরবঙ্গ সফর। সফরের শেষ লগ্নে পৈতৃক ভিটায় তার এই অবস্থানকে ঘিরে গাবতলী ও সারিয়াকান্দি এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিপুল জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।