নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
শ্রমিক আন্দোলনে ইন্ধনদাতা হিসেবে কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সাদমা গ্রুপের নাম জড়িয়ে জাতীয় দৈনিক ইনকিলাবের অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও পরিচালনা পর্ষদ। প্রকাশিত সংবাদকে অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক দাবি করে এর যথাযথ ব্যাখ্যা ও সংশোধনী প্রকাশের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সাদমা গ্রুপের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে পাঠানো এক প্রতিবাদলিপিতে এসব কথা জানানো হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, প্রকাশিত প্রতিবেদনে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সাদমা গ্রুপের পরিচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শ্রমিক আন্দোলনের কথিত যোগসূত্রের যে অভিযোগ তুলে ধরা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। সুনির্দিষ্ট প্রমাণ, যাচাইযোগ্য তথ্য কিংবা প্রতিষ্ঠানের বক্তব্য যথাযথভাবে গ্রহণ না করে এ ধরনের গুরুতর অভিযোগ প্রকাশ করা দুঃখজনক ও অনভিপ্রেত।
প্রতিষ্ঠানটির দাবি, সাদমা গ্রুপ কোনো রাজনৈতিক সংগঠন নয়; এটি একটি অরাজনৈতিক শিল্পপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের তৈরি পোশাকশিল্পে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনার পাশাপাশি হাজার হাজার শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি আয় ও জাতীয় অর্থনীতিতে অবদান রেখে আসছে। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিয়মিত বেতন-ভাতা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে বলেও দাবি করা হয়।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, শ্রমিক আন্দোলনে ইন্ধন দেওয়া, রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন কিংবা শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে সাদমা গ্রুপের কোনো সম্পৃক্ততা নেই। একটি স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া সাংবাদিকতার নৈতিক দায়িত্ব।
সাদমা গ্রুপের পক্ষ থেকে দাবি করা হয়, বর্তমান শ্রমিক আন্দোলনের কারণে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আর্থিক ও ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছে। উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক ক্রেতাদের নির্ধারিত সময়ের মধ্যে পণ্য উৎপাদন ও শিপমেন্ট সম্পন্ন করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে ক্রেতাদের অর্ডার বাতিল, ভবিষ্যৎ ব্যবসায়িক সম্পর্কের অবনতি এবং বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এর প্রভাব প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত শ্রমিক-কর্মচারী ও ব্যবসায়িক অংশীদারদের ওপরও পড়তে পারে।
প্রতিষ্ঠানটির অভিযোগ, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাদমা গ্রুপের দীর্ঘদিনের অর্জিত সুনাম ও ব্যবসায়িক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। ব্যবসায়িক প্রতিযোগিতা, ব্যক্তিগত স্বার্থ কিংবা অন্য কোনো উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে কি না, তা খতিয়ে দেখার আহ্বানও জানানো হয়েছে।
প্রতিবাদলিপিতে সংশ্লিষ্ট গণমাধ্যম, সাংবাদিক সমাজ ও প্রশাসনের প্রতি কোনো ব্যক্তি বা স্বার্থান্বেষী মহলের দেওয়া তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রচার না করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দৈনিক ইনকিলাব কর্তৃপক্ষের কাছে প্রকাশিত সংবাদের যথাযথ ব্যাখ্যা ও সংশোধনী প্রকাশের দাবি জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, সাদমা গ্রুপ দেশের প্রচলিত আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল। প্রতিষ্ঠানের সুনাম, মর্যাদা ও ব্যবসায়িক স্বার্থ রক্ষায় তারা ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ। ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ বা অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।