• শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

গাজীপুরে জমির ‘ওয়ারিশ’ দাবির আড়ালে চাঁদাবাজির অভিযোগ

রাব্বি হোসেন (রবিন) / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

রাব্বি হোসেন (রবিন)

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন এলাকায় জমির ‘ওয়ারিশ’ দাবিকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শন, জবরদখল ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ হারুন বাসন মেট্রো থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের ইটাহাটা মৌজায় অবস্থিত একটি জমি বৈধভাবে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন মোঃ হারুন। তিনি দাবি করেন, জমিটি তার নামে যথাযথভাবে নামজারি করা রয়েছে এবং নিয়মিতভাবে সরকারি খাজনা পরিশোধ করে আসছেন। তবে সম্প্রতি কয়েকজন ব্যক্তি হঠাৎ করে নিজেদের ওই জমির ‘ওয়ারিশ’ দাবি করে সেখানে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, তারা উন্নয়নমূলক কাজ চলাকালে বাধা প্রদান করে এবং একপর্যায়ে দলবল নিয়ে এসে ভয়ভীতি প্রদর্শন, মারধরের হুমকি ও জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এমনকি তারা টিনের বেড়া দিয়ে জমি ঘিরে ফেলার চেষ্টা করে এবং কাজ বন্ধ করতে বাধ্য করে। পাশাপাশি নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে চাপ প্রয়োগ করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী মোঃ হারুন বলেন, “আমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছি। কিন্তু হঠাৎ করে কিছু লোক বেআইনিভাবে ‘ওয়ারিশ’ দাবি তুলে দখলের চেষ্টা করছে। এতে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”এ বিষয়ে বাসন মেট্রো থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ বিরাজ করছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এমন দখলচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


More News Of This Category
bdit.com.bd