গাজীপুরে দুই বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার
গাজীপুরে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি ও একটি খেলনা এয়ারসফট পিস্তলসহ জাহিদ হাসান (১৮) নামে এক কিশোর গ্যাং লিডারকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
সোমবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে গাজীপুর মহানগরের জয়দেবপুর থানাধীন বানিয়ারচালা এলাকায় জাহিদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে র্যাব-১-এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, অভিযানের সময় জাহিদের শয়নকক্ষ তল্লাশি করে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং পিস্তলসদৃশ একটি খেলনা এয়ারসফট পিস্তল উদ্ধার করা হয়।
সোমবার বিকেলে র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইসতিয়াক আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন।
র্যাবের দাবি, জাহিদ দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার, অস্ত্রের মহড়া, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গার্মেন্টসের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে তার বিরোধ চলছিল বলেও জানায় সংস্থাটি।
এ ছাড়া অস্ত্র প্রদর্শন করে অন্যদের নিজের দলে যোগ দিতে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে জাহিদের বিরুদ্ধে।
র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কী উদ্দেশ্যে সেগুলো রাখা হয়েছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেপ্তার জাহিদ হাসানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার করা আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।