গাজীপুর প্রতিনিধি:
ফেসবুকে অপপ্রচার, মানহানিকর পোস্ট এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে ‘সবার আগে বাংলাদেশ’ নামে একটি ফেসবুক আইডির এডমিন শাহাদাত গাজীকে আটক করেছে গাছা থানা পুলিশ।
জানা গেছে, অভিযুক্ত শাহাদাত গাজীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি সম্পর্কে আপত্তিকর, মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ ছিল। সর্বশেষ এক ব্যক্তির ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে প্রচার করা হয় বলে অভিযোগ ওঠে। এতে ভুক্তভোগীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়।
এ ঘটনায় ভুক্তভোগী গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর সাইবার অপরাধ সংক্রান্ত মামলায় শাহাদাত গাজীকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ডিজিটাল মাধ্যমে অপপ্রচার, ভুয়া তথ্য প্রচার কিংবা কারও সম্মানহানি করার মতো অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।