• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
নতুন মজুরি ঘোষণার পরও গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দুই মহাসড়ক অবরোধে সংঘর্ষ গাজীপুরে সরকারি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে মিতালী সেবা ডক্টর চেম্বারকে ২১ হাজার টাকা জরিমানা নবনিযুক্ত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বিএনপির ফুলেল শুভেচ্ছা গাজীপুরে বিকাশের টাকা ডাকাতি: বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ নেতা ইমরান ও সহযোগী গ্রেপ্তার গাজীপুরে ‘বগা রিপনের’ বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ, পুড়ল কাঠের স্তূপ গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার গাজীপুরে পেট্রোলসহ আওয়ামী লীগের নেতা ও সহযোগী আটক, প্রাইভেটকার জব্দ হাইকোর্টে জামিন, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সিফাত আবদুল্লাহ

নতুন মজুরি ঘোষণার পরও গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দুই মহাসড়ক অবরোধে সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট / ২৯ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ডেস্ক রিপোর্ট :

 

সরকার গঠিত মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণার পরও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ থামেনি। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, নাওজোড়, মালেকের বাড়ি ও সালনাসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন। এতে গুরুত্বপূর্ণ দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভ চলাকালে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসব ঘটনায় পুলিশের চারজন ও আনসার বাহিনীর চারজন সদস্যসহ মোট আটজন আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রথম দিকে পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেক শ্রমিক কারখানায় প্রবেশ করেও কাজে যোগ না দিয়ে বাইরে বেরিয়ে আসেন। পরে তাঁরা সড়ক ও মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন।

চান্দনা চৌরাস্তা এলাকায় শ্রমিকদের অবস্থানের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও যান চলাচল ব্যাহত হয়। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

বাংলাদেশ আনসারের গাজীপুর জেলার উপপরিচালক মো. মাহমুদ আশিকুজ্জামান জানান, শ্রমিকদের ছত্রভঙ্গ করার সময় আনসার বাহিনীর চার সদস্য আহত হয়েছেন। একই ঘটনায় পুলিশের চার সদস্যও আহত হয়েছেন। আহতদের বিজিবির প্রাথমিক চিকিৎসা দলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে মালেকের বাড়ি এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাকিস্তানি গার্মেন্টসের সামনেও শ্রমিকেরা বিক্ষোভ করেন। এসব ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে তাঁদের সংখ্যা ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

গাজীপুর সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করে মাসিক ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানান। এ সময় তাঁদের ‘ত্রিশ হাজার মজুরি দিতে হবে’ এবং ‘সতেরো হাজার মানি না’—এমন স্লোগান দিতে দেখা যায়। মজুরি বোর্ডের ঘোষিত বেতন নিয়ে শ্রমিকদের অসন্তোষ ও তাঁদের প্রত্যাশিত মজুরির দাবিই আন্দোলনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

অন্যদিকে শ্রমিক আন্দোলনের নামে ভাঙচুর ও সহিংসতার প্রতিবাদ এবং আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধানের দাবিতে শ্রীপুরের ভবানীপুরে আর অ্যান্ড জি গার্মেন্টসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে ‘ভাঙচুর নয়, সমাধান চাই’ এবং ‘বাঁচবে গার্মেন্টস, বাঁচবে দেশ, সুখে-শান্তিতে বাংলাদেশ’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। তাঁরা শিল্পকারখানার নিরাপত্তা ও উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি শ্রমিকদের যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান।

শ্রমিক বিক্ষোভের মধ্যে মহানগরীর বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাকর্মীদেরও তৎপরতা দেখা যায়। সড়কে অবরোধের সময় একটি বিদ্যুতের খুঁটি সরিয়ে যান চলাচলের পথ তৈরিতে বিএনপির নেতাকর্মীদের অংশ নিতে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অন্যদিকে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের নেতৃত্বে কোনাবাড়ী থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে ভোগড়া-নাওজোড় এলাকায় শ্রমিকেরা কিছুটা সমস্যা সৃষ্টি করেছিলেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের সদস্যরা কাজ করছেন।

শ্রমিকদের বিক্ষোভের কারণে গাজীপুরের বিভিন্ন কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। কোথাও কোথাও কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এতে শ্রমিকদের মজুরির দাবি, শিল্পকারখানার নিরাপত্তা ও উৎপাদন পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে কার্যকর আলোচনা, শ্রমিকদের দাবির যৌক্তিক পর্যালোচনা এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অন্যথায় শিল্পাঞ্চলের অস্থিরতা দীর্ঘায়িত হলে দেশের পোশাকশিল্প ও সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।


More News Of This Category
bdit.com.bd