গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ইটাহাটা এলাকায় এক পোশাকশ্রমিককে মারধর করে নগদ ১৪ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ফাহিম (২২) নামে এক যুবকসহ অজ্ঞাতনামা আরও তিনজনের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. মাহমুদুল হাসান মামুন (২১) বাসন থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্রে ফাহিমকে ইটাহাটা এলাকার বাসিন্দা এবং নূর-এর ছেলে হিসেবে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, মামুন বাসন থানাধীন নাওজোড় এলাকার একটি পোশাক কারখানায় প্রায় এক বছর ধরে শ্রমিক হিসেবে কাজ করছেন। গত ২৬ আগস্ট ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে কারখানা থেকে বের হয়ে বাসন থানাধীন ইটাহাটা এলাকার মেমনা বেকারির সামনে দিয়ে বাড়ি যাওয়ার সময় ফাহিমসহ অজ্ঞাতনামা তিন ব্যক্তি তার পথরোধ করেন।
অভিযোগকারীর দাবি, এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র দেখিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। একপর্যায়ে তার প্রাণনাশের হুমকি দিয়ে কাছে থাকা নগদ ১৪ হাজার টাকা এবং তার মালিকানাধীন Symphony ব্র্যান্ডের একটি বাটন মোবাইল ফোন জোরপূর্বক নিয়ে নেন।
অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে অভিযুক্তরা তার কাছে আর কোনো কিছু না পেয়ে তাকে পুনরায় মারধর করেন এবং বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান।
ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে বাসন থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন।
ভুক্তভোগী মো. মাহমুদুল হাসান মামুন অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন।