গাজীপুরের চৌরাস্তা এলাকায় জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার ও স্যাটেলাইট/আইপি টিভি জেএ টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার মো. এনামুল হকের ওপর হামলা এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা তিন ব্যক্তির বিরুদ্ধে।
গত ২ অক্টোবর রাত আনুমানিক ১টার দিকে গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে বলে বাসন থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
অভিযোগ সূত্রে জানা যায়, ভবানীপুর থেকে গাজীপুর চৌরাস্তা এলাকায় যাওয়ার পথে ফ্লাইওভারের নিচে পৌঁছালে অজ্ঞাতনামা তিন ব্যক্তি এনামুল হকের ব্যবহৃত স্মার্টফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে তিনি বাধা দিলে তারা তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতে দুটি আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে প্রাণনাশের হুমকি দিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে ওই ব্যক্তিরা ঘটনাস্থল থেকে চলে যান বলে দাবি করেন তিনি।
ঘটনার পর আহত সাংবাদিক শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তার ভাষ্য অনুযায়ী, বাম হাতে একাধিক সেলাই দিতে হয়েছে। ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি HONOR X9D মডেলের। ফোনটির IMEI নম্বরসহ প্রয়োজনীয় তথ্য থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা এবং ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধারের দাবিতে বাসন থানায় লিখিত অভিযোগ করেছেন সাংবাদিক মো. এনামুল হক।
এনামুল হক বলেন, “আমি নিজেই এ ঘটনার ভুক্তভোগী। আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয়েছে এবং প্রাণনাশের হুমকি দিয়ে মোবাইল ফোন নিয়ে গেছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
ব্যস্ততম গাজীপুর চৌরাস্তা এলাকায় রাতের বেলায় সাংবাদিকের ওপর হামলা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগের ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
তবে অভিযোগের বিষয়ে পুলিশি তদন্ত বা অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।