গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর বরাব এলাকায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে সংবাদ সম্মেলন করে মিথ্যা অপপ্রচারের অভিযোগ এনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মামুন হোসেন।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে বেগমপুর অবস্থিত নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানান তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মামুন হোসেন বলেন, আমাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত ও ভোগদখলীয় জমিসংক্রান্ত বিষয়ে একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে সমাজে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমার বাবা চাঁন মিয়ার বাবার কাছ থেকে বৈধভাবে এই জমি ক্রয় করেন এবং দীর্ঘকাল ধরে আমরা শান্তিপূর্ণভাবে তা ভোগদখল করে আসছি। কিন্তু সম্প্রতি চাঁন মিয়া অন্যায়ভাবে এই জমির মালিকানা দাবি করে আসছেন।
তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি তাদের নিজস্ব জমিতে কাজ করার সময় হানিফ নামের এক ব্যক্তি অতর্কিতভাবে এসে বাধা প্রদান করেন। বাঁধা প্রদানের কারণ জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রশাসনের শরণাপন্ন হন ভুক্তভোগীরা। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এবং চাঁদাবাজি মামলায় হানিফ সরকারকে গ্রেপ্তার করেন।
পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে ওই ব্যক্তি সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি করেন মামুন হোসেন। এ ঘটনায় তিনি ও তার পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ ঘটনার সঠিক বিচার ও নিজেদের নিরাপত্তা দাবি করেছেন।