রাজধানীতে ১৫ আগস্ট ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ৯ ধরনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেকোনো নাশকতা, সহিংসতা বা অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে রাজধানীজুড়ে বাড়ানো হয়েছে নজরদারি ও তল্লাশি।
শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) নিয়াজ মেহেদীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট ও তল্লাশি জোরদারের পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকা ও জনসমাগমস্থলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল কার্যক্রমে মোতায়েন থাকবেন। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিটের সদস্যরা সুইপিং কার্যক্রম পরিচালনা করবেন।
এছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনা, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন, শপিংমল ও বিভিন্ন অনুষ্ঠানস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। এসব এলাকায় সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে নজরদারিও করা হবে।
সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম চালাবে সিটিএসবি ও আইএডির সদস্যরা। পাশাপাশি অতিরিক্ত র্যাব ও সিআইডি টিম মোতায়েন থাকবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে কুইক রেসপন্স টিম (কিউআরটি)।
ডিএমপি জানিয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে থেকে নিজ নিজ এলাকার নিরাপত্তা ব্যবস্থা সরাসরি তদারকি করবেন। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতেই ১৫ আগস্টকে ঘিরে এই বহুমাত্রিক প্রস্তুতি নেওয়া হয়েছে।