• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

সাভারে ফের প্রেশার কুকার উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর

সাভার প্রতিনিধি / ২৪ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সাভার প্রতিনিধি :

 

সাভারের একটি মাঠ থেকে বোমাসদৃশ একটি প্রেশার কুকার উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে ভবানীপুর পুলিশ ক্যাম্পের আওতাধীন সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে এটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখেন তারা। পরে ড্রামটির ভেতরে কাপড়চোপড় ও একটি প্রেশার কুকার দেখতে পান। স্থানীয়দের দাবি, রাতের কোনো একসময় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি ড্রামটি সেখানে রেখে যায়।

খবর পেয়ে ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়ে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়।

ইমরান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, সকালে বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলও সেখানে যাচ্ছে।

তিনি বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে দুষ্কৃতকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রেশার কুকারটির ভেতরে আসলে কী রয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে গত ৩১ জুলাই সাভারের আশুলিয়ায় একটি মুদি দোকানের বেঞ্চে রাখা ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তুসহ একটি প্রেশার কুকার উদ্ধার করে পুলিশ। পরে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।

পুলিশ জানিয়েছিল, ওই দিন সন্ধ্যায় ৩০ থেকে ৩৬ বছর বয়সী এক ব্যক্তি দোকানে এসে একটি ঠান্ডা পানীয় কেনার কথা বলে দোকানিকে ৫০০ টাকার নোট দেন। দোকানির কাছে খুচরা না থাকায় ওই ব্যক্তি চলে যান এবং ব্যাগটি সেখানে রেখে যান। পরে ব্যাগের ভেতর বোমাসদৃশ বস্তু ও প্রেশার কুকার পাওয়া যায়। ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


More News Of This Category
bdit.com.bd