• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

সাংবাদিক টুটুলের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিবেদক : / ৩১ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

গাজীপুর মহানগরের গাছা থানা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজের মহানগর প্রতিনিধি মোহাম্মদ শরীফ ওমর টুটুলের ওপর হামলার প্রতিবাদে এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) হেডকোয়ার্টারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

গাছা থানা প্রেসক্লাবের সভাপতি মো. আনিসুর ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক আজকের আওয়াজ-এর গাজীপুর প্রতিনিধি মো. ইব্রাহীম খলিল।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন সংবাদকর্মীর ওপর হামলা শুধু ব্যক্তির ওপর হামলা নয়; এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা। সাংবাদিক টুটুলের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি, অপরাধ ও অসঙ্গতি তুলে ধরে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেন। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক হামলা, হুমকি বা হয়রানির শিকার হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

মানববন্ধনে অভিযোগ করা হয়, গত ১৩ আগস্ট একটি গার্মেন্টসের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে ঘিরে দেশীয় অস্ত্রের মহড়া চলছিল। এ সময় সাংবাদিক টুটুল ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে হামলাকারীরা তাঁর ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনি আহত হলে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে এ ঘটনায় গাছা মেট্রো থানায় মামলা দায়ের করা হলেও ঘটনার পাঁচ-ছয় দিন পার হলেও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান আইনগত ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা।

তবে মানববন্ধনে কয়েকজন বক্তা হামলাকারীদের রাজনৈতিক পরিচয় ও প্রভাবের বিষয়ে বিভিন্ন অভিযোগ করেন। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর স্বাধীন যাচাই প্রয়োজন।

বক্তারা হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

তারা বলেন, সাংবাদিকের ওপর হামলা করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। হামলাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ চালিয়ে যাবে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন গাছা থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়া, সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল বারী, গাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আরিফ মৃধা, গাছা সাংবাদিক ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, সভাপতি মো. সামসুদ্দিন জুয়েল, ঢাকা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছানাউল্লাহ ভূইয়া, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক মো. পারভেজ মিয়া, গাজীপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আক্তারুজ্জামান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গাজীপুর মহানগরের সদস্য সচিব হাসান মিয়া, গাজীপুর সাংবাদিক ইউনিটির সভাপতি ও প্রতিদিনের কাগজের বিশেষ প্রতিনিধি মো. আক্তার হোসেন, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাকুল ইসলাম রাজ্জাক এবং বাংলাদেশ মহিলা প্রেসক্লাবের সভাপতি নাসিমা আক্তার রেনুসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd