গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনকে কেন্দ্র করে চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে ক্যাম্পাসে অবস্থান নেওয়ায় উপাচার্যসহ কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার (১৬ নভেম্বর) রাতে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। রাত ১১টা ২৩ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ সিদ্ধান্তের বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা শুরু হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে তিন দিনের জন্য অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আন্দোলনকারীদের মূল দাবিগুলোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
এর আগে সোমবার বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে ক্যাম্পাসে অবস্থান নেন। এতে উপাচার্যসহ ভেতরে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। ক্যাম্পাসের ভেতর থেকে কোনো যানবাহন বের হতে পারছিল না, একইভাবে বাইরের কোনো যানবাহনও প্রবেশ করতে পারেনি। রাত সাড়ে ১১টা পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল।
এদিকে সোমবার সকালে আন্দোলনের বিপরীতে পাল্টা কর্মসূচি নিয়ে ক্যাম্পাসে মিছিল করেন আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ। তারা মূল ফটকের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা তাদের ধাওয়া করেন। পরে তারা অ্যাকাডেমিক ভবনের দিকে চলে যান। রাত পর্যন্ত পাল্টা কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজনকে সেখানে অবস্থান করতে দেখা যায়।
এর আগে রোববার আন্দোলনকারীরা উপাচার্যের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেন। সোমবার দ্বিতীয় দিনের মতো ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। পাল্টাপাল্টি কর্মসূচি ও অবস্থানকে কেন্দ্র করে দিনভর ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।
আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের নির্দেশে চাকরিতে পুনর্বহাল হলেও দীর্ঘদিন ধরে তাঁরা জ্যেষ্ঠতা, পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা এবং বর্তমান বেতন স্কেলের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রায় ১৪ বছর চাকরির বাইরে থাকার সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করা এবং জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশনা থাকলেও বাস্তবে তা কার্যকর করা হচ্ছে না বলে দাবি তাঁদের।
তাঁদের আরও অভিযোগ, বর্তমানে ২০১২ সালের বেতন স্কেল অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রকল্প ও উন্নয়নকাজে বিপুল অর্থ ব্যয় করা হলেও পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না।
আন্দোলনকারীদের দাবি, বিশ্ববিদ্যালয়ে প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী কর্মরত থাকলেও পুনর্বহাল ৯৮৮ জন তাঁদের প্রাপ্য সুযোগ-সুবিধা পাচ্ছেন না। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। পরে তাঁরা আইনি লড়াই শুরু করেন। ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ চাকরিচ্যুতদের মধ্যে জীবিতদের পুনর্বহালের নির্দেশ দেন।
একই সঙ্গে চাকরিচ্যুতির সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করা এবং তাঁদের জ্যেষ্ঠতা ক্ষুণ্ন না করার নির্দেশনা দেওয়া হয়। তবে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়টি মানবিক ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নির্ধারণের দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয়।
তিন দিনের জন্য অফিস বন্ধ ঘোষণার পরও আন্দোলনকারীদের দাবির বিষয়ে কোনো চূড়ান্ত সমাধান না আসায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসন এবং কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনকারীদের সমঝোতা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।