গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বাসন থানা পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্র মামলায় এজাহারনামীয় সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—রংপুরের পীরগঞ্জের বারা আমবাড়ীর মোঃ রিপন ওরফে রিপুল (২৭), বাসনের ইটাহাটার সাব্বির আহম্মেদ পলাশ (৩০), মোঃ আসিক (২৬), মোঃ আলহাজ (৩০), মোঃ আলী হোসেন (৫০), নোয়াখালী সদর এলাকার মোঃ মামুন (২৩) এবং ইটাহাটার মোঃ সুরুজ্জামান (৫০)।
পুলিশের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট অস্ত্র মামলায় অভিযানে ৩টি চাপাতি, ২টি ছোড়া, ১টি চাকু ও ১টি দা জব্দ করা হয়েছে।
এ ছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত আসামি চান্দপাড়ার মোঃ ফজলু মিয়া ওরফে তোতলা ফজলু (৪৩)-কে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশন মামলায় মোঃ জাহাঙ্গীর আলম (২৬) ও মোঃ মনির হোসেন (২৫)-কে গ্রেপ্তার করা হয়েছে। জাহাঙ্গীর আলম ময়মনসিংহের ফুলপুর উপজেলার কারাহা এলাকার বাসিন্দা এবং বর্তমানে ভোগড়া বাইপাস কাঁচাবাজার এলাকায় বসবাস করছিলেন। মোঃ মনির হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালপুর এলাকার বাসিন্দা এবং বর্তমানে বাসনের ইটাহাটা এলাকায় বসবাস করছিলেন।
বাসন থানা পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার এসব আসামিকে গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।