মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের বিষয়ে তার প্যারোলে মুক্তির পর সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার (১৯ আগস্ট) সকালে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, প্যারোলে মুক্তির আবেদন নিয়ে আইনজীবী ও স্বজনরা বর্তমানে মুন্সীগঞ্জে অবস্থান করছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৌফিক নেওয়াজ। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু। তিনি জানান, রাত ১০টা ২৭ মিনিটে তৌফিক নেওয়াজের মৃত্যু হয়।
জে আর ওয়াদুদ টিপু আরও জানান, কোথায় এবং কখন জানাজা ও দাফন হবে, সে বিষয়ে বুধবার দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৯ সালে স্ট্রোকে আক্রান্ত হন তৌফিক নেওয়াজ। শারীরিক অসুস্থতার কারণে তিনি হুইলচেয়ারে চলাফেরা করতেন। গত ২৭ মে স্বজনরা তাকে হুইলচেয়ারে করে আদালতে নিয়ে যান, সেখানে কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করেন তিনি।
তৌফিক নেওয়াজ পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন।