গাজীপুরের টঙ্গী পূর্ব থানার ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার পাঁচ স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) দুপুরে টঙ্গী পূর্ব থানায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টঙ্গীর মরকুন এলাকার আতিকুর রহমানের ছেলে মাহদী হাসান (২৬), একই এলাকার মৃত আব্দুর রউফের ছেলে হারুনুর রশীদ (৩৪), মজিবুর রহমানের মেয়ে জহুরা বেগম (৫৫), কাউছার আলীর মেয়ে শারমিন সুলতানা (৩৭) এবং মৃত শহীদ মিয়ার মেয়ে শাহিদা আক্তার (৩৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শনিবার রাতে টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান চালিয়ে টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আ. মতিন (৪৭)কে গ্রেপ্তার করে। পরদিন রোববার দুপুরে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
এ সময় আ. মতিনের স্বজনেরা থানায় উপস্থিত হন। অভিযোগ রয়েছে, তারা থানার ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে পুলিশ তাদের আটক করে এবং জিজ্ঞাসাবাদ শেষে পাঁচজনকে গ্রেপ্তার দেখায়।
পুলিশের দাবি, থানার অভ্যন্তরে শৃঙ্খলা ভঙ্গ ও স্লোগান দেওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।