গাজীপুরের সালনা এলাকায় পরিত্যক্ত একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে একটি বড় গাঁজার চালান আসছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব ফোর্সেস সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সহযোগিতায় র্যাব-১-এর আভিযানিক দল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তর সালনা পোড়াবাড়ী এলাকায় র্যাব-১ স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের সামনে চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্ট পরিচালনার সময় ভোর পৌনে ৬টার দিকে চেকপোস্ট থেকে প্রায় ২০০ গজ দূরে উত্তর সালনা পোড়াবাড়ী এলাকার রায়হান অটোমোবাইলস ওয়ার্কশপের সামনে মহাসড়কের ওপর একটি পরিত্যক্ত পিকআপ ভ্যান দেখতে পান র্যাব সদস্যরা। পরে ভ্যানটিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।
র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস ও মিডিয়া) শাহ আলম জানান, উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত পিকআপ ভ্যানসহ আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।