গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে পৃথকভাবে এ দুটি সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় পুলিশ সদর দপ্তরে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।
সভায় জিএমপিতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন সমস্যা, আবেদন ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পুলিশ কমিশনার মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় পুলিশ কমিশনার বলেন, জিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করছে। পুলিশ সদস্যদের কল্যাণের পাশাপাশি সেবা প্রত্যাশী জনগণকে কাঙ্ক্ষিত ও মানসম্মত সেবা দিতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
কল্যাণ সভায় অবসরজনিত কারণে চারজন পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনাও দেওয়া হয়।
পরে দুপুর ১২টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।
সভায় গাজীপুর মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জিএমপির বিভিন্ন ইউনিটে অনুদ্ঘাটিত মামলাগুলো দ্রুত উদ্ঘাটন ও নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিলে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পেশাদারিত্ব ও দায়িত্ব পালনে সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।