গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ১৩ নম্বর ওয়ার্ডের ইটাহাটা কলাবাগান এলাকায় ফাহিম নামে এক যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এসব অভিযোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে বলে দাবি এলাকাবাসীর।
স্থানীয়দের অভিযোগ, ফাহিমের নেতৃত্বে বা তার সহযোগীদের মাধ্যমে এলাকায় বিভিন্ন সময় ছিনতাই, ভয়ভীতি প্রদর্শন ও অপহরণের মতো ঘটনা ঘটছে। তার বিরুদ্ধে মুখ খুলতে অনেকেই ভয় পান বলেও অভিযোগ করেছেন কয়েকজন বাসিন্দা।
এলাকাবাসীর দাবি, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ইটাহাটা কলাবাগান ও আশপাশের এলাকায় নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর সাধারণ মানুষ ও পথচারীদের চলাচলে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ফাহিমের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে সত্যতা যাচাই করা প্রয়োজন।
অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত টহল জোরদারের দাবি জানান তারা।