অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিফাত আব্দুল্লাহ বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্য ও লেখালেখি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
সর্বশেষ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের পাশাপাশি বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়।
ওই ভিডিওতে সিফাত দাবি করেন, চলতি মাসে তার বাসায় ৪ হাজার টাকা এবং এর আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তিনি এসব বিলকে অতিরিক্ত বলে দাবি করেন এবং এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি গাছা থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করে।
গাছা থানার ওসি গোলাম রব্বানী বলেন, “প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। রাত ৯টার দিকে তাকে থানায় আনা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।