নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী পরিচালিত অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় দুই আসামি, একই মামলার তদন্তে সন্দেহভাজন দুই ব্যক্তি, পুলিশ আক্রান্ত মামলার তদন্তে সন্দেহভাজন একজন এবং সিআর মামলার ওয়ারেন্টভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দুজন হলেন—বাসন থানার ভোগড়া এলাকার নাহিদ সরকার (৩৩) এবং রংপুরের পীরগঞ্জের বাসিন্দা বর্তমানে ভোগড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী আপন (১৯)।
এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে পালেরপাড়া এলাকার পাপ্পু ওরফে রাকিব হাসান রাব্বি (২৮) এবং গাজীপুর সদর থানার টাংকিরপাড় এলাকার হেলিম (২১)।
অন্যদিকে, পুলিশ আক্রান্তের একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জের বাসিন্দা বর্তমানে ভোগড়া এলাকায় বসবাসকারী জাহিদ হাসান (২২) এবং সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি চান্দনা এলাকার রাহিম (৩৮) কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।