• রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

৫১গ্রাম হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ‘কালা পাহাড়’ গ্রেপ্তার

রাব্বি হোসেন (রবিন) / ২৮ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

রাব্বি হোসেন রবিন 

গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫১ গ্রাম হেরোইনসহ মো. সোহেল ওরফে ‘কালা পাহাড়’ নামে এক শীর্ষ মাদক কারবারি ও চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এই সোহেল।
​ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ জুন) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার একটি চৌকস দল কলের বাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কালা পাহাড় পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সোহেল ওরফে কালা পাহাড় দীর্ঘদিন ধরে পূবাইল ও এর আশপাশের এলাকায় একটি শক্তিশালী মাদক নেটওয়ার্ক গড়ে তুলেছিল। মাদক কারবারের পাশাপাশি ছিনতাই ও চাঁদাবাজির সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত সে। তার ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পেত না।
​পুলিশ জানায়: গ্রেপ্তারকৃত কালা পাহাড়ের বিরুদ্ধে মাদক, অস্ত্র, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ইতিপূর্বেও ৭টিরও বেশি মামলা রয়েছে।

​শীর্ষ এই অপরাধী গ্রেপ্তার হওয়ায় পূবাইল অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং এলাকাকে সম্পূর্ণ নিরাপদ রাখতে এই ধরনের মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান নিয়মিত চালু রাখার দাবি জানিয়েছেন।
​এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন: ​”আটককৃত সোহেল ওরফে কালা পাহাড় এলাকার একজন চিহ্নিত ও তালিকাভুক্ত অপরাধী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার (১৩ জুন) তাকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।”
​অপরাধ দমনে পুলিশের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি আরও জানান, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।


More News Of This Category
bdit.com.bd