রাব্বি হোসেন রবিন :
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে সামাজিক ও রাজনৈতিকভাবে মানহানি করার অভিযোগ তুলেছেন গাজীপুর মহানগরীর বাসন এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম সরকার বাবুল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মহানগরীর কড্ডা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বাবুল।
সংবাদ সম্মেলনে বাবুল দাবি করেন, মহানগরীর মনিদাস ঋষিপাড়ায় তাঁর ব্যক্তিমালিকানাধীন জমিকে রাস্তা হিসেবে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য ও অভিযোগ প্রচার করা হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই স্থানে আগে কোনো রাস্তা ছিল না এবং তিনি রাস্তা বন্ধ করে দিয়েছেন—এমন প্রচারণাও সঠিক নয়। তিনি বলেন, সেখানে বসবাসকারী একটি পরিবার বিকল্প পথ দিয়ে মূল সড়কে যাতায়াত করতে পারে।
বাবুল আরও বলেন, তিনি দীর্ঘ ১৭ বছর জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এবং এ সময়ে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তাঁর দাবি, সাম্প্রতিক প্রচারণার মাধ্যমে তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন তথ্যকে যাচাই না করে প্রকাশ না করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিভ্রান্তিকর বা মানহানিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিও সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরার দাবি জানান।