গাজীপুর মহানগরীর বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে আত্মহত্যায় প্ররোচনা, ডাকাতির প্রস্তুতি, মারামারি ও সিআর মামলাসহ বিভিন্ন মামলায় ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, আত্মহত্যায় প্ররোচনা মামলার এজাহারনামীয় আসামি মো. রিয়াদ মন্ডল (২৫)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বলমা এলাকার নজরুল ইসলামের ছেলে। বর্তমানে বাসন থানার চান্দনা এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন।
এ ছাড়া ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মোসা. স্বপ্না আক্তার (২২), মো. জাহিদ (৩০), মো. জাহিদুল ইসলাম ওরফে আলামিন (২৮) ও মোসা. হেলেনা বেগম (৫০)। এ সময় তাদের কাছ থেকে একটি চেইন কাটার, একটি ছোড়া ও একটি চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে মারামারি মামলার এজাহারনামীয় আসামি হিসেবে হাসিবুল ওরফে হাসিব (২৮), মো. ফয়সাল আহম্মেদ (৩৩), আবুল হাশেম (৫৫) ও মোসা. ফিরোজা আক্তার ফিরু (৫০)কে গ্রেপ্তার করা হয়। তাদের সবার ঠিকানা বাসন থানার ভোগড়া তালতলা এলাকায়।
এ ছাড়া সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি টিটু (পিতা-মৃত মিন্টু), কড্ডা বাজারের কাঠালিপাড়া এলাকার বাসিন্দা,কেও গ্রেপ্তার করা হয়েছে।
বাসন থানা পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০ আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।