কোনাবাড়ী (গাজীপুর)প্রতিনিধি :
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে গাজীপুরের কোনাবাড়ী থানায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়,২৮ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি)কোনাবাড়ী থানাধীন বিসিক শিল্পনগরী ১নং গেইটের সামনে থেকে আবির হোসেন (২৪) নামের ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আবির হোসেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার পাইশূকা গ্রামের দুলাল মিয়ার ছেলে।বর্তমানে তিনি গাজীপুরের কোনাবাড়ী থানাধীন জরুন পিয়ারা বাগান এলাকায় বসবাস করছেন এবং নিজেকে, দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।একই সাথে কোনাবাড়ী বাসিন্দা নামের ফেইজবুক পেইজ পরিচালনার মাধ্যমে ভিবিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিলেন।
পরে কোনাবাড়ী থানা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগে তিনি উল্লেখ্য করেন, ফেসবুকে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন এবং দুই লাক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার হুমকি দেন তাকে।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মালেক জানান,বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে কোনাবাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।এবং অভিযুক্ত আবির হোসেনকে গ্রেফতার করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।