মোঃ ইব্রাহীম খলিল, গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৩টা ৪০ মিনিটের দিকে গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানার ভোগড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, ভোগড়া এলাকার একটি গাড়ির ওয়ার্কশপের সামনে কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মোঃ ইমন শাহরিয়ার (২৮) ও মোঃ শরিফ (২৮) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা। এ সময় ঢাকা মেট্রো-ড-১৪-০৩৬১ নম্বরের একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ইমন শাহরিয়ারের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার দাসকান্দি এলাকায় এবং শরিফের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ইমন শাহরিয়ারের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা এবং শরিফের বিরুদ্ধে একটি দস্যুতা মামলা রয়েছে।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল, পিপিএম-এর নির্দেশনায় এসআই মোঃ কামরুল হাসান ও এএসআই মোঃ আলামিন হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।