রাজু হাসান :গাজীপুর প্রতিনিধি
‘আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬। ২৯ শে এপ্রিল বুধবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থকে সচেতনতামূলক র্যালি ও পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক, জনাব নুরুল করিম ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- ‘ শব্দদূষণ একটি নীরব ঘাতক, যা আমাদের দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব ফেলছে।আসুন মোবাইল ফোন সাইলেন্ট রাখি, শব্দদূষণ থেকে বিরত থাকি। আমরা সকলে মিলে আমাদের মোবাইল ফোনটি নীরব (সাইলেন্ট) রাখার সুঅভ্যাস গড়ে তুলি। ফোনের রিংটোনে যেন অযাচিত শব্দ দূষণ না হয় সেটা মাথায় রাখা দরকার। । শব্দ দূষণ নিয়ন্ত্রণে সবাই কে সচেতন হওয়ার আহবান জানান তিনি। আরও বলেন বিদ্যমান আইন ও বিধানের যথাযথ প্রয়োগ করতে হলেও কিন্তু এই বিষয়ে জনসচেতনতা অপরিহার্য। আসুন অযথা শব্দকে দূষণের পর্যায়ে না নিয়ে গিয়ে নিজের ও অপরের ক্ষতি না করি।’ এসময় তিনি সমন্বিত উদ্যোগের মাধ্যমে গাজীপুরে সহনীয় ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেন। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আরেফিন বাদল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরিফ উদ্দীন, পুলিশ সুপার, গাজীপুর এবং জনাব মোঃ শাহরিয়ার নজির,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর। আলোচনা সভায় বক্তারা শব্দদূষণের কারণ, এর স্বাস্থ্যগত ঝুঁকি এবং সামাজিক ও পরিবেশগত ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন ও বিধিমালার কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। গাজীপুর জেলায় শব্দদূষণ প্রতিরোধে গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যতে করণীয় বিষয়েও মতবিনিময় করা হয়।অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থী, বাস-ট্রাক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধিগণ, রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।