পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিকদের আইনি সহায়তা প্রদান ও তাদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র গাজীপুর মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. জাকির হোসেনকে আহ্বায়ক এবং মো. হাসান আলীকে সদস্য সচিব করা হয়েছে।
শুক্রবার (৭ জুলাই ২০২৬) গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় নবগঠিত এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, মাঠপর্যায়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা প্রায়ই বিভিন্ন মহলের হামলা, হুমকি ও নির্যাতনের শিকার হন। এসব নির্যাতিত সাংবাদিকের আইনি সহায়তা প্রদান এবং তাদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে নবগঠিত ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ দৃঢ়ভাবে কাজ করবে।
সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. তাওহীদ হাসান উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান ও সিকান্দার আলী।
বাসন মেট্রো থানা প্রেস ক্লাবের সভাপতি মো. সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মনজুর সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. সফিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার সুরক্ষা এবং নির্যাতনের ঘটনায় দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।