ভোক্তা পর্যায়ে আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (২ আগস্ট) বিইআরসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের মূল্য ছিল ১ হাজার ৫২৮ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে রিটেইলার পয়েন্টে মূল্য সংযোজন কর (মূসক)সহ নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দামই বহাল থাকবে।
প্রতি মাসে আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য ওঠানামার সঙ্গে সমন্বয় করে বিইআরসি দেশে এলপিজির দাম পুনর্নির্ধারণ করে থাকে। নতুন এই মূল্যবৃদ্ধির ফলে গৃহস্থালি পর্যায়ে এলপিজি ব্যবহারকারী লাখো পরিবারের মাসিক ব্যয় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।