মোঃ ইব্রাহীম খলিল,গাজীপুর প্রতিনিধি:
পরিবেশ রক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজে ঘেরা রাখার প্রত্যয়ে গাজীপুরের গাছায় কামারজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহীন মিয়া। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সবুজে ঘেরা পরিবেশবান্ধব শিক্ষাঙ্গনে পরিণত করার লক্ষ্যেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়; চারাগুলোর নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলোকে বড় করে তুলতে হবে। পরিবেশ সুরক্ষায় সামাজিক আন্দোলন হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নেওয়ারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন্নেছা নাসরিন, শিক্ষক মো. আবুল হোসেন, মো. আব্দুস সামাদ, নুরুজ্জামান আনসারী, মিস সেলিনা খাতুন, রাজিয়া সুলতানা ও শাহানা আক্তার। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠান শেষে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে চারাগুলোর নিয়মিত পরিচর্যার মাধ্যমে কামারজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি আদর্শ ‘সবুজ বিদ্যালয়’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।