নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন শরীফপুর উঝারপাড়া এলাকার দেবোনেয়ার লিমিটেড ইউনিট-২ গার্মেন্টস কারখানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২১ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হেলমেট পরিহিত দুইজন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী মোটরসাইকেলে করে কারখানার প্রধান ফটকের সামনে এসে আকস্মিকভাবে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কারখানার কোনো বাহ্যিক ক্ষয়ক্ষতিও হয়নি। তবে আকস্মিক বিস্ফোরণের শব্দে কারখানায় কর্মরত প্রায় ৩ হাজার ৮০০ শ্রমিকের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক শ্রমিক নিরাপত্তার উদ্বেগে কারখানার ভেতরে ও আশপাশে ছুটোছুটি শুরু করেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এলাকায় নিরাপত্তা জোরদার করেন।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা দুষ্কৃতিকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরীর গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান মুঠোফোনে নিশ্চিত করে বলেন, ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও বিষয়টি ক্ষতিয়ে দেখছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রকৃৃয়াধীন।