• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০

ডেস্ক রিপোর্ট / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

ডেস্ক রিপোর্ট

 

 

পবিত্র ঈদুল আজহার দিনে ফরিদপুরের ভাঙ্গায় কোরবানির মাংস ভাগাভাগির স্থান নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার আলগি ইউনিয়নের পশ্চিম আড়ুয়াকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের নামাজ শেষে কোরবানির মাংস ভাগাভাগির স্থান নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পক্ষের নেতৃত্ব দেন আবু বকর মুন্সী এবং অপর পক্ষের নেতৃত্বে ছিলেন কামরুজ্জামান সম্রাট।

বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে তারা দেশীয় অস্ত্র, ঢাল, সরকি, টেটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে অংশ নেয়। এ সময় এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষের খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ কমপক্ষে ৩০ জন আহত হন। তাদের মধ্যে ২৭ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কোরবানির মাংস ভাগাভাগির স্থান নির্ধারণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category
bdit.com.bd