প্রধানমন্ত্রীর সিলেট সফরসূচি চূড়ান্ত করা হয়েছে। সফরকালে তিনি ধর্মীয় স্থানে জিয়ারত, উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণ এবং দলীয় সভায় যোগ দেবেন।
শুক্রবার (১ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন।
এরপর সকাল ১১টায় সিলেট সার্কিট হাউস সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় শহরের জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি কর্পোরেশনের গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে যোগ দেবেন।
দুপুর ১২টায় তিনি সিলেট জেলার সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে অবস্থিত বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন।
বিকাল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন ক্রীড়া স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত থাকবেন।
বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি, সিলেটে আয়োজিত দলীয় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
সরকারি সূত্র জানিয়েছে, সফরকালে স্থানীয় উন্নয়ন কার্যক্রম তদারকি এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাও করবেন তিনি।