স্টাফ রিপোর্টার :
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতি ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে এক তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রভাব বিস্তার ঠেকাতে শনিবার (১০ অক্টোবর) দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া থানার অন্তর্গত কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিনা খান নিষিদ্ধ ঘোষিত আওয়ামী রাজনীতির প্রভাব বিস্তারে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এতে তীব্র প্রতিবাদ জানান এবং নিষিদ্ধ সংগঠনটির প্রভাব প্রতিহত করতে মাঠে নামেন। এর ধারাবাহিকতায় শনিবার সকালে দু’পক্ষ মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে এক ভিন্ন অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের একাংশ ও বিএনপি কর্মীদের দাবি, নিষিদ্ধ আওয়ামী নেতা পিনা খানকে আড়াল করতে ও তাঁর প্রভাব বিস্তারে প্রত্যক্ষ সাহায্য করছেন কোবাদ হোসেন খান নামের এক ব্যক্তি। বিএনপি কর্মী পরিচয়ে কোবাদ হোসেন পিনা খানকে নানাভাবে নিরাপত্তা ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে।
ঘটনার পর কাশিপুর ইউনিয়ন ও আশপাশের এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিএনপির স্থানীয় একাধিক কর্মীরা জানান,দলীয় পরিচয় ব্যবহার করে কোনো সুযোগ সন্ধানী ব্যক্তি যেন নিষিদ্ধ আওয়ামী রাজনীতির পুনর্বাসনে সাহায্য করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেলেও এলাকা জুড়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে লোহাগড়া থানা পুলিশ বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে বলে জানা গেছে।