গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও তদন্তে সন্দিগ্ধ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে বাসন থানা পুলিশ। বুধবার (৭ অক্টোবর) অভিযান শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনকে ভুয়া ডিবি পরিচয়ে অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মোঃ রবিউল (৪২)। তিনি রংপুরের পীরগঞ্জ থানার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে তিনি গাজীপুরের বাসন থানার ভোগড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এ ছাড়া মারামারি মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—ইমরান (২৫), মুসা (১৮) ও তৌহিদ (৪০)। তাদের মধ্যে ইমরান ও মুসা বরগুনার পাথরঘাটা থানার দক্ষিণ কুবদন এলাকার বাসিন্দা এবং তৌহিদ বরগুনা সদর থানার বামনা এলাকার বাসিন্দা। তারা বর্তমানে বাসন থানা এলাকার বিভিন্ন স্থানে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অন্যদিকে, ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ হিসেবে মোঃ রাজিব শেখ ওরফে রিংকু (৩৬) এবং মোঃ শাওন আহাম্মেদ (২৩) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজিব শেখ মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বাগড়া এলাকার এবং শাওন আহাম্মেদ কুমিল্লার বরুড়া থানার মহিদপুর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। তারা বর্তমানে বাসন থানা এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার সঙ্গে সংশ্লিষ্ট এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বাসন থানার পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।