বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করা হয়। এতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনে সিনিয়র সচিব মো. মাহবুবুর রশীদ স্বাক্ষর করেছেন।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— পুলিশ স্টাফ কলেজ ঢাকার ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির কমান্ড্যান্ট মো. আশরাফুজ্জামান, এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. মনিরুল ইসলাম, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান, এপিবিএন হেডকোয়ার্টারের ডিআইজি মো. মুনিবুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন, পুলিশ অধিদপ্তরের ডিআইজি শামীমা বেগম, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং এপিবিএনের ডিআইজি সালমা বেগম।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, অবসরে পাঠানো এসব কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরজনিত সকল সুবিধা ভোগ করবেন।