গাজীপুর সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও রাস্তাঘাটের বেহাল পরিস্থিতি দ্রুত সংস্কার ও উন্নয়নকাজ দৃশ্যমান করার দাবি জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী তাজুল ইসলাম মিল্টন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে ওয়ার্ডের বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা নাজুক হয়ে পড়েছে। কোথাও খানাখন্দ, কোথাও ভাঙাচোরা সড়ক এবং কোথাও জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বর্ষা মৌসুমে এসব সমস্যা আরও প্রকট আকার ধারণ করে।
তাজুল ইসলাম মিল্টন বলেন, “১৩ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত রাস্তাঘাট সংস্কার ও উন্নয়নকাজ শুরু করা জরুরি। এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মহোদয়ের কার্যকর উদ্যোগ কামনা করছি।”
তিনি আরও বলেন, নাগরিকদের চলাচলের সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সড়কগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন। একই সঙ্গে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং সড়কের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া দরকার।
ওয়ার্ডবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত রাস্তাঘাটের বর্তমান পরিস্থিতি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং দৃশ্যমান উন্নয়নকাজ শুরু করবে।
তাজুল ইসলাম মিল্টন বলেন, তিনি নির্বাচিত হলে ১৩ নম্বর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সঙ্গে নিয়ে কাজ করতে চান।