পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় শরীরচর্চা করতে গিয়ে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ মে) সন্ধ্যায় সাহাপুর ইউনিয়নের নতুনহাট সংলগ্ন গ্রিন সিটি আবাসিক এলাকার একটি জিম সেন্টারে এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম চুরকিন (২৫)। তিনি রাশিয়ার ক্রাসনোডার অঞ্চলের বাসিন্দা এবং রূপপুর প্রকল্পে সাব-ঠিকাদার প্রতিষ্ঠান এটম টেক এনারগো কোম্পানিতে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিমে ব্যায়াম করার সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন চুরকিন। এসময় তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাকে গ্রিন সিটির মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল সম্পন্ন করে মরদেহ উদ্ধার করেছে। শনিবার সকালে মরদেহ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। পরে দূতাবাসের মাধ্যমে তা নিহতের পরিবারের কাছে পাঠানো হবে।