স্টাফ রিপোর্টার:
রাজশাহীর মোহনপুরে মানবিক কাজের স্বীকৃতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা বিনা পারিশ্রমিকে দায়িত্ব পালনকারী ট্রাফিক আলমাস হোসেনকে নতুন পোশাক উপহার দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমাস হোসেনকে এ নতুন পোশাক উপহার দেওয়া হয়। উপহারের মধ্যে ছিল ২টি প্যান্ট, ২ জোড়া জুতা, ২ জোড়া মোজা, ২টি বেল্ট এবং রোদের সময় ব্যবহারের উপযোগী ২টি মাথার ক্যাপ। আলমাস হোসেন (৩০) রাজশাহীর মোহনপুর উপজেলার ১নং ধুরইল ইউনিয়নের ভীমনগর গ্রামের সমতুল্যা প্রামাণিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সইপাড়া মোড়ে দাঁড়িয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বেচ্ছায় ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন। কোন পারিশ্রমিক না পেলেও চালক, যাত্রী বা পথচারীরা ভালোবেসে যে টাকা দেন, সেটাই তার একমাত্র প্রাপ্তি। স্থানীয়দের মতে, আলমাস যদিও একটু বুদ্ধি প্রতিবন্ধী তারপরেও রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মোহনপুর উপজেলাধীন সইপাড়া মোড়ে যানজট নিরসন, পথচারী সহ প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করা ও দুর্ঘটনা কমাতে আলমাসের ভূমিকা প্রশংসনীয়। প্রশাসনের আনুষ্ঠানিক দায়িত্বে না থেকেও তিনি যে মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন, তা এলাকায় এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে। মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা বলেন, “সামান্য বুদ্ধি প্রতিবন্ধী হয়েও মানুষের কল্যাণে বিনা স্বার্থে কাজ করার যে মানসিকতা আলমাস দেখিয়েছেন, তা সমাজের মানুষদের জন্য অনুকরণীয়। তাঁর এই প্রচেষ্টাকে সম্মান জানাতেই আমরা তাকে সামান্য উপহার দিয়েছি।"