নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর মহানগর এলাকায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে “মাদক বিরোধী সুধী সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বাসন, কোনাবাড়ী ও কাশিমপুর থানা এলাকায় পৃথকভাবে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। প্রধান আলোচক ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংস করে। তাই মাদকের করাল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্যও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
সমাবেশে আরও বলা হয়, মাদক, জুয়া, ছিনতাই, চাঁদাবাজি, দখলদারিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। অপরাধ দমনে চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত গাজীপুর গড়ে তুলতে পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সমাবেশে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাসন, কোনাবাড়ী ও কাশিমপুর থানার কর্মকর্তা ও সদস্যরা, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সমাবেশের শেষাংশে উপস্থিত সবাইকে “মাদককে না বলুন”—এই আহ্বান জানিয়ে নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত গাজীপুর গড়তে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।