
ব্যাটারিচালিত রিকশাগুলোকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, নিবন্ধন পেতে হলে এসব রিকশার ব্যাটারি অবশ্যই সৌরবিদ্যুতের মাধ্যমে রিচার্জ করতে হবে।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে ব্যাটারি রিচার্জ করা হলে সংশ্লিষ্ট রিকশাকে নিবন্ধন দেওয়া হবে না এবং নিবন্ধন নবায়নও করা হবে না। এ ক্ষেত্রে জরিমানার বিধানও রাখা হবে।
তিনি বলেন, ‘সৌরবিদ্যুতের বাইরে রিচার্জ করলে এসব ব্যাটারিচালিত বা ই-রিকশাকে আমরা নিবন্ধন দেব না এবং নবায়ন করব না।’
মীর শাহে আলম জানান, এখন থেকে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ দেবে না। সিটি করপোরেশন ও পৌরসভা এসব রিকশার নিবন্ধন দেবে।
তিনি বলেন, জাতীয় সংসদে এ বিষয়ে আইন পাস হয়েছে। সেই আইনের আলোকে বর্তমানে বিধিমালা তৈরি করা হচ্ছে। বিধিমালায় নিবন্ধন ফি, নবায়ন ফি এবং অন্যান্য শর্ত নির্ধারণ করা হবে।