
গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার তিতাস থানার গাজীপুরা এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. রমজান (২৪), কুমিল্লার নাঙ্গলকোট থানার টুবুরিয়া এলাকার মো. হারুন রশিদের ছেলে আশিক (২৮) এবং ময়মনসিংহের গৌরীপুর থানার স্বল্প বড়বাগ এলাকার ফিরোজ মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার তিনজনই বর্তমানে গাজীপুর মহানগরের বাসন থানার ইটাহাটা (কলাবাগান) এলাকায় বসবাস করতেন। অভিযানকালে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।
পুলিশ জানায়, মাদকদ্রব্যের অবৈধ কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।